বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে দেশের সব ক্ষেত্রে চলমান সংস্কার শেষেই নির্বাচন দেওয়া হবে উল্লেখ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই সরকারের মেয়াদ সর্বোচ্চ চার বছর হতে পারে। এটা আরো কম হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে ‘টক টু আল-জাজিরা’তে সাংবাদিক নিক ক্লার্কের মুখোমুখি হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।
সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের সংকট নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশে চলমান সংস্কারপ্রক্রিয়া, আগামী নির্বাচন, পরিবর্তিত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা।
সাক্ষাৎকারের অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে চান তিনি। তবে সর্বোচ্চ চার বছর পর্যন্ত থাকতে পারে অন্তর্বর্তী সরকার।
ভারতে পলাতক শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, হাসিনা ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, জীবনসায়াহ্নে তার এ ধরনের কোনো ইচ্ছা নেই। তিনি রাজনীতিবিদ নন।








