গেল বছরের শেষের দিকে অভিনেত্রী শোভিতার সঙ্গে বড় ছেলে নাগা চৈতন্যর বিয়ে দেন ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি। একই বছরের নভেম্বরে কনিষ্ঠ পুত্র আখিল আক্কিনেনিও বাগদান সারেন। এবার হবু স্ত্রী জয়নব রাবজির সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন আখিল।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, “আগামী ৬ জুন সাতপাকে বাঁধা পড়বেন আখিল আক্কিনেনি ও জয়নব। এরই মধ্যে বিয়ের প্রস্তুতি শুরু করেছে দুই পরিবার। জানা গেছে, বিয়ের কিছু আনুষ্ঠানিকতা হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে হবে। বিয়ের মূল অনুষ্ঠান হবে রাজস্থানে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নাগার্জুনা আক্কিনেনির পরিবার।”
বাবা ও বড় ভাইয়ের পথ অনুসরণ করে অনেক আগেই চলচ্চিত্রে পা রেখেছেন আখিল। যদিওবা তার হবু স্ত্রী জয়নব ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। শিল্পপতি জুলফি রাবজির কন্যা। তবে জয়নব চিত্রশিল্পী হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। তার আঁকা ছবি নিয়ে হায়দরাবাদে বেশ কিছু প্রদর্শনী হয়েছে।
কয়েক বছর আগে আখিল-জয়নবের পরিচয়। এরপর চুটিয়ে প্রেম করে ঘর বাঁধতে যাচ্ছেন এই জুটি। সবকিছু ঠিকই ছিল। কিন্তু আখিল-জয়নবের বয়সের ব্যবধান সমালোচনার জন্ম দেয়। কিন্তু এ জুটির বয়সের ব্যবধান কত?
১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন আখিল আক্কিনেনি। তার বয়স এখন ৩০ বছর। অন্যদিকে জয়নব রাবজির বয়স ৩৯ বছর। অর্থাৎ, ৯ বছরের বড় জয়নবকে বিয়ে করছেন আখিল। যে বিষয়টি নিয়ে বেশ চর্চা চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি আখিল কিংবা জয়নব।








