ওভাল টেস্টের দ্বিতীয়দিনের শেষবেলায় নাইটওয়াচম্যান ব্যাটার হিসেবে ব্যাটে নেমেছিলেন আকাশ দীপ। চার নম্বরে সুযোগ পেয়ে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন ভারত পেসার। তৃতীয় দিনে ফিফটি করে অনন্য কীর্তি গড়েছেন। সিরিজে অলরাউন্ড পারফর্ম করে নাম লেখালেন ভারতের কিংবদন্তি সাবেক কপিল দেবের পাশে।
১২ চারে ৯৪ বলে ৬৬ রান করেন আকাশ। পেশাদার ক্রিকেটে তার সর্বোচ্চ রানের ইনিংস এটি। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।
ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে এখন পর্যন্ত ১২ উইকেট নিয়েছেন আকাশ। পঞ্চম ও শেষ টেস্টে ফিফটিও করেছেন। তাতে নাম লেখান কপিল দেবের পাশে। চতুর্থ ভারতীয় পেসার হিসেবে একই সিরিজে ফিফটি এবং ন্যূনতম ১০ উইকেট শিকার করা ক্রিকেটার তিনি। আকাশের আগে এই কীর্তি গড়েছেন কপিল দেব (২ বার), ইরফান পাঠান ও ঝুলান গোস্বামী।
ইংল্যান্ডের মাটিতে পুরুষ ও নারী ক্রিকেটার মিলিয়ে ভারতের মোট ৩৪ জন ক্রিকেটার ৪ নম্বরে ব্যাট করেছেন। তাদের মধ্যে ১৩তম ক্রিকেটার হিসেবে ফিফটি করলেন আকাশ। ছেলেদের ক্রিকেটে ১৯৯০ সালের পর তৃতীয় ভারতীয় হিসেবে এই কীর্তিতে নাম লেখালেন আকাশ। তার আগে গত ৩৫ বছরে কেবল শচীন টেন্ডুলকার ও শুভমন গিল ৪ নম্বরে নেমে ৫০ এর বেশি রানের ইনিংস খেলেছেন।
একুশ শতকে ফিফটি করা মাত্র দ্বিতীয় ভারতীয় নাইটওয়াচম্যান আকাশ দীপ। এর আগে এই কীর্তি দুইবার গড়েছিলেন অমিত মিশ্র। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ৩ নম্বরে ব্যাট করে ৫০ রান এবং ২০১১ সালে ওভালে ৫ নম্বরে ব্যাট করে ৮৪ রান করেছিলেন মিশ্র।








