বিনোদন

রাজকীয় সাজে প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া

রাজকীয় সাজে প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্যারিসে অনুষ্ঠিত হয় লরিয়েল প্যারিসের নবম ‘লে ডেফিলে’ ফ্যাশন আয়োজন। আইফেল টাওয়ারের আবহে প্লেস জফ্রে-তে আয়োজিত এ অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটেন ঐশ্বরিয়া রাই বচ্চন। পুরোনো দিনের রাজকীয় আভিজাত্যের সঙ্গে আধুনিক পোশাকশৈলীর মেলবন্ধন ছিল তার সাজে।

এদিন ডিজাইনার ইয়ারা শুমেকারের শীতকালীন ২০২৬-২৭ কুতুর সংগ্রহের বিশেষ একটি পোশাক বেছে নেন ঐশ্বরিয়া। গাঢ় রঙের মখমলের গাউন, তার ওপর ক্রিস্টালে ঝলমলে দীর্ঘ কেপ আর চুলে আগুনরাঙা বারগান্ডি আভা মিলিয়ে যেন আধুনিক সময়ের এক রানি। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে পোশাকের ওপর জড়ানো দীর্ঘ কেপটি। তার নতুন সাজ দেখে মুগ্ধ ভক্তরাও।

অসংখ্য ক্রিস্টালে সাজানো কেপটি র‍্যাম্পে হাঁটার সময় আলোর ঝলকানিতে ঝিকমিক করছিল। গাঢ় মখমলের সঙ্গে ঝলমলে কেপের মেলবন্ধনে ঐশ্বরিয়ার সাজে ফুটে ওঠে রাজকীয় আভিজাত্য।

তবে পোশাকের পাশাপাশি ঐশ্বরিয়ার নতুন চুলের রংও নজর কেড়েছে। চেনা কালো চুলের বদলে এবার তাকে দেখা গেছে বারগান্ডি-লাল আভায়। গাঢ় রঙের পোশাকের সঙ্গে চুলের উজ্জ্বল রং তৈরি করেছে আলাদা বৈপরীত্য।

ঐশ্বরিয়ার এই সাজের রূপসজ্জা ও পোশাক পরিকল্পনায় ছিলেন মোহিত রাই, তরঙ্গ আগরওয়াল ও চিন্তন শাহ। সাজে ছিল পরিমিত রূপসজ্জা, যাতে পোশাক, ঝলমলে কেপ ও নতুন চুলের রংই মূল আকর্ষণ হয়ে ওঠে।

এবারের আয়োজনে ঐশ্বরিয়ার সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের তারকারাও র‍্যাম্পে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা ও সেলিন ডিওন।

অনুষ্ঠানের অন্যতম আলোচিত মুহূর্ত ছিল ঐশ্বরিয়া ও সেলিন ডিওনের পুনর্মিলন। দুজনকে আলিঙ্গন করতে, হাত ধরে থাকতে এবং মঞ্চে একসঙ্গে নাচতেও দেখা যায়। প্রস্তুতির সময় ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও উষ্ণ আলিঙ্গনে দেখা যায় ঐশ্বরিয়াকে।

বিষয়:ঐশ্বরিয়া রাই বচ্চনপ্যারিস ফ্যাশন উইকলরিয়েল প্যারিসের নবম ‘লে ডেফিলে’ ফ্যাশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…