বিএনপির সাত সংসদ সদস্যদের পদত্যাগপত্র নিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে সংসদে কোন প্রভাব পড়বে না।
তিনি বলেন, সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। সাতজন এমপি সংসদে আসলো কি থাকলো তাতে কিছু যায় আসে না। এই সাতজনের জন্য এক বছরে দেশ ভেঙে পড়বে না। যথা নিয়মে সংসদ চলবে।
রোববার ১১ ডিসেম্বর সন্ধ্যায় টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি আরো বলেন, সংসদে তারা সাতজন ছিলই না। তারা ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত নির্বাচন আগ পর্যন্ত ওরা সংসদে ছিল না। এটা দুঃখজনক আমরা সব সময়ই বলি সংসদে একটা বিরোধী দল থাকা খুবই দরকার। কিন্তু কেউ যদি না থাকে তাহলে আমাদের কিছু করার নাই।
বিএনপির ১০ দফা দাবির বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, বিএনপির সব দাবিগুলো নিয়ে সব সময়ই ভাঙা রেকর্ড বাজাচ্ছে গত দশ বছর ধরে। ২০০৮সালে খুব সুন্দর নির্বাচন হয়েছে। এরপর থেকেই তারা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করছে। এই সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এতে বিএনপি কি চাইলো না চাইলো সেই অনুযায়ী নির্বাচন হবে না। সংবিধানের বাইরে যাওয়ার কোন ক্ষমতা নেই।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী।








