বলিউড অভিনেতা শাহরুখ খান ‘সুপারস্টার’ নন— এমন মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন ‘দাবাং’ সিনেমার পরিচালক অভিনব কাশ্যপ। এর আগে তিনি সালমান খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে শিরোনাম হয়েছিলেন।
এবার তিনি বলছেন, সমাজে প্রকৃত পরিবর্তন আনেন যারা, তারাই সুপারস্টার; শাহরুখ বা সালমান নন।
এক সাক্ষাৎকারে বলিউড ঠিকানাকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমি ‘সুপারস্টার’ শব্দটির সঙ্গে স্বস্তি পাই না। আকাশে যে তারা দেখি, সেটাই প্রকৃত ‘স্টার’। শাহরুখকে আমি সুপারস্টার মনে করি না। এটি মিডিয়াকে ভুল পথে চালিত করার শব্দের খেলা।”
তিনি আরও বলেন, “অভিনেতা হিসেবে শাহরুখ কিছু ভালো কাজ করেছেন, আবার তার ব্যর্থতাও আছে। তিনি প্রথম নন। তার আগে অনেক অভিনেতা ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।”
শাহরুখ খানকে ‘লাস্ট সুপারস্টার’ দাবি নিয়েও কাশ্যপের তীব্র সমালোচনা। তার ভাষায়, “নিজেকে ‘শেষ সুপারস্টার’ বলা মানে আত্মমুগ্ধতা। তার আগে অনেক অভিনেতা এসেছেন, আবার পরেও আসবেন। শিল্প থেকে মানুষ আসে ও যায়, শিল্প থাকে।”
অভিনব কাশ্যপের মতে, অর্থ বা ব্যাংক ব্যালেন্স দিয়ে তারকা হওয়া যায় না। “কারও স্ট্যাটাস দেখে আমি সম্মান দিই না- চরিত্র ও আচরণ দেখে দিই,” বলেন তিনি।
শুধু শাহরুখ নয়, সালমানকে নিয়েও কাশ্যপের অভিযোগ রয়েছে। তিনি বলেন, “যারা সমাজে প্রকৃত পরিবর্তন আনে তারাই সুপারস্টার, শাহরুখ বা সালমান নন। তারা শুধু টাকা বানিয়েছে। আর সেই টাকা বানাতে পানের বিজ্ঞাপন করেছে, বিয়েতে নেচেছে।”
নিজের সালমান-বিরোধী বক্তব্য জনপ্রিয় হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “সালমানের অনেক হেটার আছে। অনেকেই তাকে পছন্দ করে না। তাই আমার সাক্ষাৎকারগুলো ভাইরাল হয়। কেউ নিজেকে সুপারস্টার বললেই তো সুপারস্টার হয় না।”








