চিত্রনাট্যের জন্য ইউরোপে পুরস্কৃত সুমিতের ‘মাস্টার’

৫৩তম বেলগ্রেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের দ্বিতীয় ছবি ‘মাস্টার’। ‘ওয়ার্ল্ড কম্পিটিশন’ বিভাগে জুরিদের বিবেচনায় সেরা চিত্রনাট্যকারের সম্মান পেয়েছেন নির্মাতা সুমিত ও সাব্বির হোসেন শোভন।
ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী চলচ্চিত্র আসর বেলগ্রেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের ৫৩তম আসরে সেরা চিত্রনাট্যের পুরস্কার জেতার পাশাপাশি প্রশংসিত হয়েছে ‘মাস্টার’। জুরিরা বলেন, “মাস্টার’ একটি আকর্ষণীয় রাজনৈতিক সিনেমা। চমৎকার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। পলিটিক্যাল থ্রিলারটি কেবল ব্যক্তিগত রূপান্তরই নয়, বরং ক্ষমতার সাথে কোনো চরিত্রের সম্পর্কের মৌলিক পরিবর্তনকেও নিপুণভাবে ফুটিয়ে তুলেছে।’’
ওয়ার্ল্ড কম্পিটিশন বিভাগে জুরি বোর্ডের নেতৃত্বে ছিলেন বিশিষ্ট সার্বিয়ান চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাশা রাদোয়েভিচ। সঙ্গে ছিলেন নির্মাতা ও বলকান প্যানোরামা ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. সালি সালিজি সালিনি এবং চলচ্চিত্র প্রযোজক মার্টিন মিলিনকোভিচ।
এ উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে জুয়ান পাবলো সালাতোর স্প্যানিশ ঐতিহাসিক ‘ড্রামা ‘দ্য রেড হ্যাঙ্গার’। সেরা পরিচালকের পুরস্কার গেছে চলচ্চিত্র নির্মাতা রাফায়েল ম্যানুয়েলের ঝুলিতে। ‘ফিলিপিনানা’ সিনেমার জন্য পুরস্কারটি পেয়েছেন তিনি।
১৯৭১ সাল থেকে বসছে বেলগ্রেড উৎসবের আসর। পাঁচ দশকেরও বেশি সময় ধরে প্রাচ্য ও পাশ্চাত্যের সিনেমার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে উৎসবটি। উইম ওয়েন্ডার্স, ফ্রান্সিস ফোর্ড কোপোলা, বার্নার্ডো বার্তোলুচি ও মিলোস ফরম্যানের মতো চলচ্চিত্রকাররা সম্মানিত হয়েছেন এখানে।
বেলগ্রেড ফেস্টের আগে ইতালির ২২তম লুক্কা রাচলচ্চিত্র উৎসবে সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে সিনেমাটি। তার আগে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডামে মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছে। তবে বিশ্বব্যাপী পুরস্কার ও প্রশংসায় সিক্ত হলেও দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্টার’-এর মুক্তি আটকে রয়েছে বলে জানালেন পরিচালক সুমিত।
তার দাবি, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আলোর মুখ দেখছে না সিনেমাটি। পাচ্ছে না মুক্তির ছাড়পত্র পাওয়ার অনুমতি। পরিচালক জানালেন ছবির গল্পে যে কাঠামোগত জটিলতা, প্রশাসনিক বাধা এবং প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ ও প্রতিবন্ধকতা দেখানো হয়েছে মুক্তির ক্ষেত্রে সে-ই জটিলতায়-ই ভুগতে হচ্ছে।






