প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পেয়েছিল আফগানিস্তান। তবে বৃষ্টির বাধায় মাঠেই নামতে পারছেন না হাশমতউল্লাহ-আজমতউল্লাহরা। তিন দিন পেরিয়ে গেলেও টস হয়নি এখনও। টানা তৃতীয় দিনের মতো পরিত্যক্ত হলো খেলা।
ভারতের গ্রেটার নয়ডায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। আগের রাতে মুষলধারে বৃষ্টিতেই পর দিনের খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। সর্বশেষ কোনো টেস্টের প্রথম তিন দিনে খেলা হতে পারেনি ২০০৮ সালের অক্টোবরে। সেটি ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টে।
মাঠের আউটফিল্ড এমনিতেই সুবিধাজনক ছিল না, সঙ্গে পানি নিষ্কাশনেও আধুনিক ব্যবস্থা। গতকাল বৈদ্যুতিক পাখা দিয়ে চেষ্টা করা হয়েছিল মাঠ শুকানোর। বাকি দুই দিনে তাই ম্যাচের ফল নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। হয়তো নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটি থেকে যাবে অমিমাংসিত।








