পাকিস্তানের সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে আফগানিস্তান। এর আগে গত রোববার ভোরে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়।
আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের খোস্ত প্রদেশের মুখপাত্র মুস্তাগফের গুরবাজ জানান, শুক্রবার রাতে নতুন করে প্রতিশোধমূলক অভিযান শুরু হয়েছে। পাকিস্তানের সীমান্তঘেঁষা জাজি ময়দান, আলী শীর ও তেরাজি এলাকায় অবস্থানরত সেনাদের লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে।
কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর আফগানিস্তান সময়মতো জবাব দেওয়ার ঘোষণা দেয়। সেই প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সেনাদের ওপর আকস্মিক হামলা চালায় আফগান বাহিনী। পরিস্থিতির জেরে পাকিস্তানও পাল্টা বিমান হামলা শুরু করে।
নতুন করে আফগান হামলার পর আবারও উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে সীমান্ত পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।








