এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে জয়ে শুরু করে সুপার ফোরে খেলার পথে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে ধাক্কা খেয়েছে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন। সুপার ফোরে খেলতে লাল-সবুজদের মেলাতে হবে কঠিন সমীকরণ। নিজেদের এক অপরিহার্য জয়ের সাথে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের দিকেও।
সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে আগে ব্যাটে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে পারে। জবাবে ৩২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ে নোঙর করে শ্রীলঙ্কা।
২ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে আছে বাংলাদেশ। গ্রুপ থেকে টেবিলের শীর্ষ দুদল যাবে সুপার ফোরে। এক নম্বরে থাকা আফগানিস্তান এবং দুইয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ২, তবে নেট রানরেটে তারা বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে।
গ্রুপপর্ব পেরিয়ে সুপার ফোরে খেলতে আফগানিস্তানের বিপক্ষে বাকি ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। আফগানদের বিপক্ষে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে বৃহস্পতিবার আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকেও। যদি বাংলাদেশ ম্যাচ এবং লঙ্কান ম্যাচে আফগানিস্তান হারে তাহলে গ্রুপপর্ব শেষ করবে ২ পয়েন্ট নিয়ে। তখন ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা কাটবে সুপার ফোরের টিকিট।
আর আফগানদের কাছে হেরে গেলে বাংলাদেশের সুপার ফোরের আশা কার্যত শেষই বলা যাবে। তবে যদি হংকং শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং আফগানিস্তানও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান ২। এরপর নেট রানরেটে এগিয়ে থাকা দল যাবে সুপার ফোরে।
শ্রীলঙ্কার সঙ্গে ৬ উইকেটের হারে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে নেট রানরেট। আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ- প্রত্যেকের পয়েন্ট ২। কিন্তু নেগেটিভ নেট রানরেটের কারণে (-০.৬৫০) লিটনের দল ‘বি’ গ্রুপে টেবিলে তিনে আছে। প্রথম দুইয়ে থাকা আফগান ও লঙ্কার নেট রানরেট +৪.৭০ ও +২.৫৯৫।
আগামী মঙ্গলবার লিটন-হৃদয়দের প্রতিপক্ষ আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে লড়াই।







