চলচ্চিত্র অভিনেতা আফফান মিতুল প্রথমবার অভিনয় করলেন ‘মানুষ মিলে, মন মিলে না’ শিরোনামের একটি মিউজিক্যাল ফিল্মে। ত্রিভুজ প্রেমের গল্পনির্ভর এই গানচিত্রে আফফান মিতুলের বিপরীতে জুটি বেঁধেছেন সুরভী ও সাবা।
গত রবিবার গাজীপুরের খতিব খামারবাড়িতে শেষ হয়েছে এর শুটিং। সৌরভ ঘোষ নিলয়ের পরিচালনায় নির্মিত গানচিত্রটির কথা লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন সুরভী সুর। সংগীতায়োজন করেছেন ঋষিকেশ রকি এবং চিত্রগ্রহণে ছিলেন আহমেদ আরিয়ান।
প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হওয়া প্রসঙ্গে আফফান মিতুল বলেন, “আমি মূলত সিনেমার মানুষ। এই কাজটি করার অন্যতম কারণ ছিল এর স্ক্রিপ্ট। যেই দেখবেন মনে করবেন ৫-৬ মিনিটের একটি সিনেমা দেখলেন।”
২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমায় আছেন আফফান। সেগুলো হচ্ছে ময়না, জংলি, তাণ্ডব, ইনসাফ এবং নীলচক্র। এবছর মুক্তির প্রতীক্ষায় আছে বেহুলা দরদী, ব্যাচেলর ইন ট্রিপ, পিনিক, মুক্তির ছোট গল্প এবং মুনাফিক।








