বাংলাদেশ নারী দলে যোগ দিয়েছেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। দেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার আগেই উড়াল দিতে হয়েছে অস্ট্রেলিয়া। এবার সিডনির পরিবেশ ও দলের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টায় আছেন তিনি।
এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় রোববার দ্বিতীয় দিন অনুশীলনে নামে ইংলিশ কোচ পিটার বাটলারের দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় এই প্রবাসী মিডফিল্ডার বলেছেন, ‘আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন। এখানে প্রচুর গরম, তবে আমরা মানিয়ে নিচ্ছি এবং প্রতিদিন এটি আরও উন্নত হচ্ছে।’
শীতপ্রধান দেশে বেড়ে উঠেছেন ২১ বর্ষী আনিকা। তাই সিডনিতে গরমের মাত্রা বাংলাদেশের চেয়েও বেশি মনে হচ্ছে তার, ‘সত্যি বলতে, আবহাওয়া নিয়ে আমার জন্য একটু কষ্ট হচ্ছে। আমি এখনও এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশের চেয়ে এখানকার আবহাওয়া অনেক বেশি গরম।’
দলের সঙ্গে বোঝাপড়া প্রসঙ্গে আনিকা বলেছেন, ‘আমি আবারও আফঈদার সঙ্গেই থাকছি এবং আমরা এখানে সিডনিতে খুব মজা করছি। দলের সবার মাঝে বোঝাপড়া বা বন্ডিং আরও ভালো হচ্ছে।’
এশিয়ান কাপে প্রথম ম্যাচে ৩ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের। সিডনিতেই ৬ মার্চ নর্থ কোরিয়া এবং ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবেন আফঈদা-মনিকারা।








