এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় সোমবার চতুর্থ অনুশীলন সেশন শেষ করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সিডনিতে অতিরিক্ত গরমে কিছুটা কঠিন পরিস্থিতি। ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে বেশ আত্মবিশ্বাসীও লাল-সবুজের দল। দলের বর্তমান পরিস্থিতি ও ভেন্যুর আবহাওয়া সম্পর্কে বাফুফের ভিডিও বার্তায় কথা বলেছেন প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া আলপি আক্তার।
সিডনিতে প্রস্তুতির অংশ হিসেবে সোমবার ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে নির্ধারিত সময়সূচিতে অনুশীলন কার্যক্রম চালিয়েছে দল। বাফুফে জানিয়েছে, সেশনজুড়ে দৃঢ় প্রতিশ্রুতি ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন আলপি-আনিকারা। কোচিং স্টাফ কৌশলগত, সুশৃঙ্খল রক্ষণ এবং আক্রমণাত্মক ট্রানজিশনের উপর গুরুত্ব দিচ্ছে। অনুশীলনে তীব্রতা ও শৃঙ্খলা দলের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস এবং কৌশলের বোঝাপড়ার প্রতিফলন ঘটাচ্ছে।
সিডনিতে বেশ গরম। সেটি উল্লেখ করেছেন আলপি, ‘এখানে অনেক গরম, আমাদের বাংলাদেশে এখনও এত গরম পড়েনি। এখানে অতিরিক্ত গরম, আমরা এটার সাথে মানিয়ে নিচ্ছি।’
‘আমরা একই জায়গায় থাকছি, একই জাগায় মাঠ, একই জাগায় জিম। সবকিছু এক জায়গায়, বাস দিয়ে যাওয়া লাগছে না।’
আলপি জানিয়েছেন জাতীয় দলের সাথে খেলার ইচ্ছা পূরণের কথাও। বলেছেন, ‘আমার অনেকদিনের ইচ্ছে ছিল জাতীয় দলের সাথে খেলা। সেই ইচ্ছাটা পূরণ হয়েছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে আপুদের সাথে অনুশীলন করে।’
মার্চের ১ তারিখ থেকে গড়াবে এবারের আসর। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন চীন, দ্বিতীয় সর্বোচ্চ ৩ বারের চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া এবং উজবেকিস্থান। মার্চের ৩ তারিখ দুপুর ২টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে নামবে বাংলাদেশ।








