পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঘরে ফেরা মানুষের ফিরতি যাত্রা সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ রোববার (১৫ মার্চ)। আজ অনলাইনে পাওয়া যাচ্ছে আগামী ২৫ মার্চের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবারও বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদ উপলক্ষে ট্রেন চলাচল সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সূচি অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ এবং ২৪ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৪ মার্চ। আগামী ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন। তবে কোনো টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকবে না।








