হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়ে দিশেহারা আদানি গ্রুপ এবার ৪১৩ পৃষ্ঠার বিবৃতিতে পাল্টা জালিয়াতির অভিযোগ তুলেছে ওই মার্কিন সংস্থার বিরুদ্ধে। গৌতম আদানির সংস্থার অভিযোগ, শুধুমাত্র কোনও একটি নির্দিষ্ট কোম্পানির বিরুদ্ধে ‘অযাচিত হামলা’ চালানো হয়নি, বরং ‘ভারতের উপর পরিকল্পিত হামলা’ চালিয়েছে হিন্ডেনবার্গ।
হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
২৪ জানুয়ারি নিউইয়র্ক ভিত্তিক ফরেনসিক আর্থিক গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ, আদানি গ্রুপের উপর একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে কয়েক দশক ধরে ঘটে চলা অ্যাকাউন্টিং জালিয়াতি এবং “স্টক ম্যানিপুলেশন” এর কথা বলা হয়। এই ঘটনার পর আদানি গ্রুপের শেয়ারে বড় ধস দেখা দেয়।
এবার হিন্ডেনবার্গ রিসার্চ প্রতিবেদনের কড়া জবাব দিয়েছে আদানি গ্রুপ। মার্কিন সংস্থারটির বিরুদ্ধে ৪১৩ পৃষ্ঠার বিবৃতিতে জালিয়াতির অভিযোগ তুলেছে আদানি গ্রপ।
রোববার রাতে আদানি গ্রুপ এক বিবৃতিতে দাবি করেছে, যেসব সংস্থার সঙ্গে আদানি গ্রুপের আর্থিক লেনদেন হয়েছে, সেগুোলোর প্রতিটিই ভারতীয় আইন এবং সংশ্লিষ্ট নিয়ম মেনেই হয়েছে। সেই সংক্রান্ত তথ্যও উপযুক্তভাবে প্রকাশ করেছে আদানি গ্রুপ। ‘এটা স্বার্থ সংঘাতের চরম উদাহরণ। সিকিউরিটিজের ক্ষেত্রে শুধমাত্র ভুয়া বাজার তৈরির উদ্দেশ্যে এই কাজটা করা হয়েছে। আদানি গ্রুপের অসংখ্য বিনিয়োগকারীদের স্বার্থ বিসর্জন দিয়ে হিন্ডেনবার্গ অবৈধভাবে বড়সড় আর্থিক লাভ করতে চেয়েছে।
আদানি গ্রুপের পক্ষ থেকে আরও বলা হয়, ‘এটা শুধু নির্দিষ্ট কোনও সংস্থার উপর আক্রমণ নয়, বরং ভারতের উপর পরিকল্পিত আক্রমণ। ভারতীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা, অখণ্ডতা ও গুণমান এবং ভারতের উন্নতি ও স্বপ্নের উপর হামলা এটা।’
হিন্ডেনবার্গ রিসার্চ এর আগেও বহুবার বৃহৎ কর্পোরেট সংস্থাগুলির উপর আক্রমন করে এসেছে। হিন্ডেনবার্গ রিসার্চের আগের একটি প্রতিবেদনে ইলেকট্রিক-ট্রাক নির্মাতা নিকোলা কর্পোরেশনের উপর নানান অভিযোগ করা হয়। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় নিকোলা। এলন মাস্ককেও ছেড়ে দেয়নি হিন্ডেনবার্গ। এলন যখন সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটার টেকওভার করছিলেন, তখন তার উপরও নানা পদক্ষেপ ছিল হিন্ডেনবার্গের।







