দিন কয়েক আগেই পায়ে বড় চোট পেয়েছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। যার ফলে হাসপাতালে গিয়ে প্লাস্টার করাতে হয়েছে তাকে। তার পর থেকেই টানা বিশ্রামে নায়িকা। ফলে আগামী ছবি ‘সিকান্দার’র শুটিং করতে পারছেন না।
কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও পেশার প্রতি নিজের দায়বদ্ধতা ভোলেননি। পায়ে প্লাস্টার নিয়েই এবার তিনি বিমানবন্দরে!
মঙ্গলবার প্রকাশ্যে এসেছে তার অভিনীত আসন্ন সিনেমা ‘ছাভা’র লুক। বুধবারই প্রথম সেই সিনেমার ঝলক মুক্তি পাচ্ছে। আর সেই কারণেই এবার তিনি রওনা দিলেন মুম্বাইয়ের উদ্দেশে।
আর বিমানবন্দরেই ছবি শিকারিদের ক্যামেরায় ধরা পড়লেন তিনি। এখনও ভাল করে পা ফেলতে পারছেন না। খুঁড়িয়ে হাঁটছেন। সেই অবস্থাতেই মাস্ক আর টুপিতে মুখ ঢেকে হুইলচেয়ারে বসে বিমানবন্দরে বিমান ধরতে হাজির তিনি!
চলতি বছরের শুরুতেই জিমে শরীরচর্চা করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী। সেই সময় সমাজমাধ্যমে রাশমিকা লিখেছিলেন, ‘‘শরীরচর্চা করতে গিয়ে চোট পেয়েছি। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠব। কিন্তু সেটা আগামী কয়েক সপ্তাহ, না কি কয়েক মাসের মধ্যে, তা ঈশ্বরই জানেন।’’- মিড ডে







