বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত ‘মিট দ্য প্রেস’-এর প্রথম পর্বে অংশ নিয়ে নিজের অভিনয়জীবনের স্মৃতিচারণ করেন অভিনেত্রী আনোয়ারা বেগম। সেসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে তিনি বলেন, “বাচসাস আমার অনেক আপন। এই আয়োজনে এসে যে চোখের পানি ঝরেছে, তা গ্লিসারিন নয়—এটি শ্রদ্ধা ও সম্মানের প্রকাশ।”
সোমবার (১৪ জুলাই) বিকেলে মগবাজারে বাচসাস কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। দোয়েল ওটিটির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।
অনুষ্ঠানের শুরুতেই আনোয়ারা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।
আনোয়ারা বলেন, “বাচসাস আমাকে যে সম্মান দিয়েছে, তা মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে।” এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কন্যা, অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।
বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, “আনোয়ারা বেগমকে দিয়ে ‘মিট দ্য প্রেস’-এর যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত। নিয়মিত এই আয়োজন চলবে, যেখানে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতের গুণীজনেরা অংশ নেবেন।”
সাধারণ সম্পাদক রাহাত সাইফুল জানান, “আনোয়ারা শুধু অভিনেত্রী নন, তিনি আমাদের চলচ্চিত্র ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। তার চোখের জল আমাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাচসাস সহ-সভাপতি লিটন রহমান ও সালাম মাহমুদ, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, সদস্য হাফিজ রহমান, পান্থ আফজাল ও নিয়াজ মোর্শেদ শুভ।
উল্লেখ্য, আনোয়ারা বেগম ছয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মা (১৯৭৭), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), কসাই (১৯৮০) ও লাল কাজল (১৯৮২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য চারবার বাচসাস পুরস্কারে ভূষিত হয়েছেন।








