ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় দেড়শো জন, যাদের মধ্যে অধিকাংশই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশু শিক্ষার্থী।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা দেশ শোকাহত। রাষ্ট্রীয়ভাবে মঙ্গলবার (২২ জুলাই) একদিনের শোক ঘোষণা করেছে সরকার। শোকের এই সময়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক ও প্রার্থনা করছেন।
শোবিজ অঙ্গনের অনেক তারকাই শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন। অভিনেতা ইরফান সাজ্জাদ দুর্ঘটনায় ভীষণ মর্মাহত। নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি আবেগঘন পোস্টের মাধ্যমে জানান, ঘটে যাওয়া দুর্ঘটনার দৃশ্য তাকে মর্মাহত করেছে।
একটি পোস্টে ইরফান লেখেন—“ভালো লাগছে না কিছু। চোখের সামনে কত বাচ্চার ঝলসানো শরীর দেখলাম.. আল্লাহ, কী দোষ বাচ্চাগুলোর? আহারে, ওরা তো শুধু তাদের স্কুলে ক্লাস করছিল! মা-বাবাগুলোর বুক খালি করে দিয়েন না আল্লাহ! সবাই যার যার জায়গা থেকে হতাহতদের জন্য দোয়া করি।”
একজন সাধারণ নাগরিক ও শিল্পী হিসেবে ইরফান সাজ্জাদের মানবিক অনুভূতি ও প্রকাশ যেন দেশের অসংখ্য মানুষের মনের কথাই বলে দেয়।








