মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি খেলছেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। বছর দুয়েক আগে এক নারীকে ধর্ষণের অভিযোগের তীর আসে তার ওপর। অভিযোগ অবশ্য অস্বীকারও করেছিলেন হাকিমি। এবার সেই মামলার বিচার চান ভুক্তভোগীর আইনজীবীরা। চূড়ান্ত রায় হাকিমির বিপক্ষে গেলে ১৫ বছরের জেল হতে পারে ২৬ বর্ষী তারকার।
ফ্রান্সের কৌঁসুলি অফিস থেকে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তদন্তে নিয়োজিত বিচারককে অনুরোধ করা হয়েছে ধর্ষণের এই অভিযোগকে ফৌজদারি আদালতে উঠানোর জন্য। যদিও চূড়ান্ত আদেশটি তদন্তকারী ম্যজিস্ট্রেটের হাতে। তার আদেশেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’
এর আগে অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসের হাকিমির বাসায় ঘটে ঘটনাটি। ছুটি কাটাতে হাকিমির পরিবার প্যারিসের বাড়িতে না থাকায়, সেই সুযোগে ফাঁকা বাড়িতে ওই নারীকে নিয়ে যাওয়া হয়। পরে ওই নারী যৌনমিলনে অসম্মতি জানালে মারধর ও ধর্ষণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই মূলত ওই নারীর সঙ্গে পরিচয় হাকিমির।
২০২৩ সালের ৩ মার্চ থেকে অভিযোগকারী নারীর দেয়া তথ্যের ভিত্তিতে সাধারণ তদন্ত শুরু হয়। যা এখনও চলমান রয়েছে।
শুক্রবার হাকিমির বিচারের দাবি ওঠার প্রেক্ষিতে তার আইনজীবী বলেছেন, ‘মামলার উপকরণ বিচারের জন্য উপযুক্ত নয় এবং অর্থহীনও বটে। হাকিমি ও আমরা যারা এ প্রক্রিয়াতে শুরু থেকে ছিলাম তারা সবাই শান্তই আছি। আমরা অবশ্যই আপিলের জন্য সবরকম পথই বের করবো।’








