মাগুরায় আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের বৃহস্পতিবার (৮ মে) ৩৪২ ধারায় জিজ্ঞাসাবাদ তথা পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটির মাধ্যমে তাদের জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়েছে।
আগামী ১২ মে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছে আদালত। দুপুরে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান এ আদেশ দেন।
বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তায় এ মামলার সব আসামীকে আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে স্বাক্ষীদের দেয়া অভিযোগ উপস্থাপন করা হলে আসামীরা নিজেদের নির্দোষ দাবী করেন। তবে তাদের স্বপক্ষে কোন দলিল কিম্বা স্বাক্ষী না থাকায় আগামী ১২মে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন বিজ্ঞ আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল বলেন, বিজ্ঞ আদালতে ৩৪২ ধারায় আসামীদের পরীক্ষার জন্য দিন ধার্য ছিল। আসামীদেরকে পরীক্ষা শেষ হয়েছে। আসামীরা পরীক্ষান্তে তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। বিজ্ঞ আদালত তাদের বক্তব্য শুনেছেন। এছাড়া আসামীরা কোন সাফাই সাক্ষ্য দিবেন কিনা জানতে চাইলে আসামীরা নাবোধক জবাব দিয়েছেন। বিজ্ঞ আদালত সবকিছু শুনে ১২ মে সোমবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যুক্ততর্ক শুনানি অন্তে অল্প সময়ের মধ্যেই এই চালঞ্চ্যকর ধর্ষণ হত্যা মামলার সুফল মাগুরাবাসী পাবে।
প্রসঙ্গত, ৫ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়ি বেড়াতে এলে বোনের শ্বশুর হিটু শেখ আছিয়াকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়।
এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদি হয়ে হিটু শেককে প্রধান করে ওই পরিবারের ৪ জনের নামে সদর থানায় মামলা দায়ের করে। ২৩ এপ্রিল চার্জ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার কাজ শুরু হয়েছে।








