অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানসহ ৩ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দুদক।
দুদকের অনুসন্ধান তালিকায় হাবিবুর রহমানসহ মৌলভিবাজার- ৪ আসনের সাবেক কৃষিমন্ত্রী উপাধাক্ষ্য আবদুস শহীদ ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের পিএস মাকসুদুল হাসান মাসুদও রয়েছেন।
জানা গেছে, দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন এমন প্রশাসন ক্যাডারের আরও ৪৯ কর্মকর্তার তালিকা পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের মধ্যে অনেকে বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করেছেন।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সরকারের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা প্রশাসন ক্যাডারের ৪৯ কর্মকর্তার স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজ নিয়ে তাদের নামে-বেনামে অস্বাভাবিক সম্পদ পেয়েছে, যা তাদের বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।








