অবশেষে এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৩০ আগস্ট মুলতানে পাকিস্তান-নেপালের ম্যাচে পর্দা উঠবে আসরের। দ্বিতীয় দিনেই লড়বে বাংলাদেশ। ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে লাল-সবুজের দল।
বুধবার রাতে এশিয়া কাপের সূচি জানিয়েছে এসিসি। আগামী ৩১ আগস্ট ক্যান্ডিতে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে টিম টাইগার্স। দুদিন পর ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে তামিম ইকবালের দল।
২০২৩ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এবার ৫০ ওভারের ফরম্যাটে হবে এশিয়া কাপ। ৬ দলের অংশগ্রহণে মোট ম্যাচ ১৩টি। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। ‘বি’ গ্রুপে লড়বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
গ্রুপপর্বে প্রতিটি দল বাকি দুদেশের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি দল উঠবে সুপার ফোর রাউন্ডে। একটি করে দল প্রথম রাউন্ড শেষে বাদ পড়বে। সুপার ফোরে একে অপরের মুখোমুখি হবে প্রতিটি দল। সেরা দুদল পাবে ফাইনালের টিকিট।
গ্রুপপর্বে ভারতের দুই ম্যাচ ও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বাদে বাকি ৩টি ম্যাচ হবে পাকিস্তানে, যার একটি মুলতানে ও দুটি লাহোরে। এরমধ্যে সুপার ফোর রাউন্ডের প্রথম ম্যাচটি হবে লাহোরে। বাকি পাঁচটি ম্যাচ ও ফাইনাল হবে শ্রীলঙ্কায়। ভারত রাজনৈতিক কারণে পাকিস্তানে খেলতে যাচ্ছে না বলে এবার হাইব্রিড মডেলে দুদেশে হবে আসর।
এক নজরে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি
গ্রুপপর্ব
পাকিস্তান-নেপাল (মুলতান, ৩০ আগস্ট)
বাংলাদেশ-শ্রীলঙ্কা (ক্যান্ডি, ৩১ আগস্ট)
পাকিস্তান-ভারত (ক্যান্ডি, ২ সেপ্টেম্বর)
বাংলাদেশ-আফগানিস্তান (লাহোর, ৩ সেপ্টেম্বর)
ভারত-নেপাল (ক্যান্ডি, ৪ সেপ্টেম্বর)
আফগানিস্তান-শ্রীলঙ্কা (লাহোর, ৫ সেপ্টেম্বর)
সুপার ফোর
এ১-বি২ (লাহোর, ৬ সেপ্টেম্বর)
বি১-বি২ (কলম্বো, ৯ সেপ্টেম্বর)
এ১-এ২ (কলম্বো, ১০ সেপ্টেম্বর)
এ২-বি১ (কলম্বো, ১২ সেপ্টেম্বর)
এ১-বি১ (কলম্বো, ১৪ সেপ্টেম্বর)
এ২-বি২ (কলম্বো, ১৫ সেপ্টেম্বর)
ফাইনাল
সুপার ফোর১-সুপার ফোর২ (কলম্বো, ১৭ সেপ্টেম্বর)








