অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। বল হাতে বাকি কাজটা সেরেছেন আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন। যুবা টাইগার বোলারদের তোপে আফগানদের ৪৫ রানে হারিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠায় আফগানিস্তান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২২৮ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে নেমে ৪৭.৫ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।
রানতাড়ায় নেমে আফগানদের শুরুটা খারাপ হয়নি। ১১৬ রানে তৃতীয় উইকেট হারানোর পর চাপে পড়ে দলটি। ইমন-ফাহাদ ও মারুফ মৃধাদের তোপে পরে দ্রুতই থামে আফগান ইনিংস। সর্বোচ্চ ৫৮ রান আসে ফয়সাল খান আহমেদজাইয়ের ব্যাট থেকে। নাসের খান মারুফখিল ৩৪ এবং বরকত ইব্রাহিমজাই ১৯ রান করেন।
ফাহাদ ও ইমন ৩টি করে উইকেট নেন। মারুফ মৃধা নেন ২টি উইকেট। রাফি উজ্জামান রাফি নেন এক উইকেট।
এর আগে ওয়ানডেতে অভিষেকে আলো ছড়ান আজিজুল হাকিম তামিম। সেঞ্চুরি করেন টাইগার অধিনায়ক। আরেক অভিষিক্ত কালাম সিদ্দিকির ব্যাট থেকে আসে ফিফটি। বাংলাদেশ যুবাদের শুরুটা ভালো হয়নি। দলীয় তিন রানে ওপেনার জাওয়াদ আবরার ফিরে যান খালি হাতে। দ্বিতীয় উইকেটে হাল ধরেন আজিজুল ও কালাম। ১৪২ রানের জুটি গড়েন দুজনে। ১৪৫ রানে কালাম সিদ্দিকী ফিরে যান ১১০ বলে ৬৬ রান করে।
বাকিদের কেউ আলো ছড়াতে না পারলেও একপ্রান্ত আগলে রেখে দলকে টেনে নেন আজিজুল। সেঞ্চুরি পূর্ণ করে ২০৪ রানের সময় ফিরে যান। টাইগার অধিনায়ক ৮টি চার ও ৪টি ছক্কায় ১৩৩ বলে ১০৩ রান করেন। ২২৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আব্দুল আজিজ, নূরীস্তানি ওমরজাই ও খাতির স্তানিকাজাই ২টি করে উইকেট নেন। আল্লাহ মোহাম্মদ গজনাফর নেন এক উইকেট।








