পটুয়াখালী সেতুর টোলপ্লাজা এলাকায় একটি কাভার্ড ট্রাক থেকে ২৬ হাজার ৮৮০ ক্যান নিষিদ্ধ বিদেশী বিয়ার উদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চালকসহ ৩ জন গ্রেপ্তার ও বহনকারী কাভার্ড ট্রাকটি জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত বিয়ারের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। এব্যাপারে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। মূল হোতাদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কলাপাড়া উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের সদস্যরা গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) রাতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬ লেন সড়কের টিয়াখালী এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। এ সময় বিয়ার বহনকারী কাভার্ড ট্রাকটি অতিক্রমকালে থামানোর সংকেত উপেক্ষা করলে তারা ধাওয়া করে। পরে পটুয়াখালী সেতুর টোলপ্লাজা এলাকায় ট্রাকটি থামিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও আসামীদের আটক করে। জেলায় মাদক দ্রব্য উদ্ধারে এটি স্মরণকালের বড় চালান।
জেলায় সমুদ্র পথে সম্প্রতি ইয়াবা, বিয়ার ও মদ আসার বিষয়টি সতর্ক নজরদারীতে আছে বল জানিয়েছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন।
গ্রেপ্তারকৃতরা জানান, পায়রা বন্দরের পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের জেটি থেকে একটি চীনা কোম্পানী এনার্জি ড্রিংকের কথা বলে বিয়ারগুলো ট্রাকে তুলে দিয়ে তাদের ঢাকার উদ্যেশ্যে পাঠায়। ধরা পড়ার পর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে বিয়ারের কথা জানতে পারে। বিয়ারগুলো জাহাজে এসেছিল।








