মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের একটি ফুটবল দল জনমত গঠন ও মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে ভারতের বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলেছিলেন। স্বাধীন বাংলা নামে পরিচিত সেই দলের গর্বিত সদস্য ছিলেন শেখ আব্দুল হাকিম। বার্ধক্যজনিত কারণে আমাদের সেই সুপারহিরো আজ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
রোববার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুটবলের এই সৈনিকের মৃত্যু হয়। স্ট্রোকে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
স্বাধীনতার আগে দিলকুশা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা শুরু করেন হাকিম। সেখানে থাকতেই ডাক পান পাকিস্তান যুব দলে। মুক্তিযুদ্ধের সময় যোগ দেন ঐতিহাসিক স্বাধীন বাংলা ফুটবল দলে। পরে বাংলাদেশের জার্সিতেও খেলেছেন তিনি।







