কক্সবাজারের মহেশখালীতে মধ্যরাতে ঘরে ঢুকে এক নারীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। নিহত ফরিদা ইয়াসিন সৈয়দা (৩০) ওই এলাকার মৃত ছৈয়দ আহমেদের মেয়ে।
বুধবার ৩০ অক্টোবর দিবাগত রাত ২ টার পর মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ির ফকিরারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, মহেশখালী থানার ওসি কায়সার হামিদ।
স্থানীয়দের বরাতে কায়সার হামিদ বলেন, দিবাগত রাতে অজ্ঞাত একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে ওই নারীকে এলোপাথাড়ি কয়েকটি গুলি করে হত্যা করে। এসময় গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।
ওসি জানান, কি কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তারপরও ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








