২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট স্মার্ট বাংলাদেশ গঠনের চালিকাশক্তি হিসেবে তরুণ-তরুণী ও যুবসমাজকে প্রস্তুত করে তোলার উদ্দেশ্যে গবেষণা, উদ্ভাবন ও উন্নয়নমূলক কাজে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
এর আওতায় দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশে –বিদেশে তরুণ-তরুণীদের কাজের সুযোগ বাড়ানো হবে। প্রথাগত কর্মসংস্থানের ধারণা থেকে বের হয়ে এসে তরুণ-তরুণীদের বিভিন্নমুখী ও উদ্ভাবনী উদ্যোগে নিয়োজিত করা হবে।
তরুণদের মধ্যে প্রণোদনার সঞ্চার করতে তৈরি হবে অনুকূল প্ল্যাটফর্ম। সাধারণ, কারিগরি, বৃত্তিমূলক ও জীবনব্যাপী শিক্ষার জন্য বিভিন্ন ই-লার্নিং প্ল্যাটফর্মে অনলাইন শিক্ষার সুযোগ তৈরি ও সম্প্রচারণ করা হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ও ইনোভেশন সেন্টারের মাধ্যমে ৮০ হাজার তরুণ-তরুণীকে অগ্রসর প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন উপযোগী অবকাঠামো গঠন ও সুবিধাদি দেওয়া হবে।
আজ ১ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা যা জিডিপির ১২ দশমিক ৩৪ শতাংশ। মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা, ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি যা জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। মোট ব্যয়ের মধ্যে অনুন্নয়ন ব্যয় বা পরিচালন ব্যয় ৪ লাখ ৭৫ হাজার ২৮১ কোটি টাকা, উন্নয়ন ব্যয় ২ লাখ ৭৭ হাজার ৫৮২ কোটি টাকা। ঘাটতি মেটাতে বিদেশি ঋণ থেকে পাওয়া যাবে ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা, ব্যাংক থেকে ঋণ ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা।







