একজন মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য মানসিক স্বাস্থ্য ভালো থাকা অত্যন্ত জরুরি। কিন্তু এখন মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটোই খারাপের দিকে। মানুষ সব সময় বিভিন্ন রকম টেনশন এবং চাপে থাকায় তাদের মানসিক সমস্যা দেখা দেয়। এতে মানুষ অনেক সময় খারাপ পদক্ষেপ গ্রহণ করে। এরমধ্যে অন্যতম হলো আত্মহত্যা।
আত্মহত্যা করার একমাত্র প্রধান কারণ মানসিক সমস্যা। অনেকে মানসিক সমস্যাকে রোগ মনে করে না। বিশেষ গুরুত্বও দেন না এবং সঠিক চিকিৎসা করাতেও উদ্যোগী হন না। এতে মানসিক সমস্যা ভেতরে ভেতরে আরও বেশি বাড়তে থাকে। মানসিক স্বাস্থ্যের যত্ন সম্পর্কে সবাইকে জানতে হবে। সমাজে বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিয়ে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সতর্ক ও সজাগ করতে হবে।
রোববার (৯ অক্টোবর) সকালে চ্যানেল আই কার্যালয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিটস (বিএপি)-এর আয়োজনে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে অনুষ্ঠিত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও বক্তারা একথা বলেন।
প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই)-এর মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা। সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মো: আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে কয়েকজন মানসিক রোগ বিশেষজ্ঞ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩ উপলক্ষে এই গোলটেবিলের আয়োজন করা হয়। এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে “মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার।
বৈঠকে বিশেষজ্ঞ মতামত দেন অধ্যাপক ডা. গোলাম রাব্বানি, অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক ডা. ফারুখ আলম,অধ্যাপক ডা. মোহিত কামাল, অধ্যাপক ডা. সালাউদ্দিন কাউসার বিপ্লব, অধ্যাপক ডা. নাহিদ মেহজাবিন মোর্শেদ, ডা. অভ্র দাস ভৌমিক, ডা. মেখলা সরকার, ডা. মো. জহির উদ্দিন, ডা. ফারজানা রাহমান ডিনা, ডা. ম ম জালাল উদ্দিন ও অন্যরা। এ ছাড়াও ছিলেন আইনজীবী অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর সাধারণ সম্পাদক ডা. মোহাম্মাদ তারিকুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএপি-এর কার্যনির্বাহী সদস্য ডা. হেলাল উদ্দিন আহমেদ। ধন্যবাদ বক্তব্য রাখেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস -এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. মিজানুর রহমান।
উল্লেখ্য, বিশ্বব্যাপী মানসিক রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা, কুসংস্কার দূর করা ও জনসচেতনতা সৃষ্টিতে ওর্য়াল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ ১৯৯২ সাল থেকে ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন কর্মসূচি শুরু করে।








