পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশীদ খসরু (নৌকা প্রতীক) ৯ হাজার ৬২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম পেয়েছেন ৫ হাজার ৭১ ভোট।
সোমবার ১৭ জুলাই সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয় বিকেল চারটায়। নির্বাচন সুষ্ঠু অবাধ করতে শহরে ও কেন্দ্রগুলোতে ব্যাপক আইন-শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়।
২০১৫ সালে ভান্ডারিয়া পৌরসভা গঠনের পর এই প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হল। নির্বাচনে সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভান্ডারিয়া পৌরসভায় মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।








