বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচাল করতে একটি মহল সক্রিয়ভাবে চেষ্টা করছে। জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোটের সুযোগ নেই এবং জনগণ বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
আজ ৩১ অক্টোবর শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত জেএসডি’র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে জনগণকে বিভ্রান্ত করেছেন, তাদের আহ্বান করছি, তারা নির্বাচনের বিরোধিতা বন্ধ করুন।
তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনী সংস্কার নিয়ে একমত হয়েছে। তবে জুলাই মাসে সরকারের হাতে হস্তান্তরিত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য দেখা দিয়েছে। “নোট অব ডিসেন্ট না রেখে যে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করা হয়েছে, তা জনগণ আশা করেনি। যারা বলে বিএনপি সংস্কার চায় না, তারা দেশের জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে।
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি অতীতে যেমন দেশকে সার্বিক সংস্কার দিয়েছিল, ভবিষ্যতেও সংস্কার নিয়ে কাজ চালাবে। যে সংস্কারে আমরা একমত হয়েছি, সেগুলো ভবিষ্যতেও আমরা বাস্তবায়ন করব।









