খাগড়াছড়িতে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে। এ উৎসব সফলভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। কিন্তু এ উৎসব যেন ভালোভাবে এবং ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে সম্পন্ন করতে না পারে, এইজন্য একটি মহল খাগড়াছড়িতে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ধরনের ঘটনা ঘটছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে ফায়ার করছে। এই হাতিয়ারগুলো বাইরে থেকে আসছে। সরকার সতর্ক আছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায়।
বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে এ সময় ষড়যন্ত্র প্রতিহত করতে সবার সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।








