বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে মুনাফেকি করছে। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোলটহরি কালেশ্বরগাও গুচ্ছগ্রামে নির্বাচনী জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ পাঁচ দিনের নির্বাচনী এলাকা সফরের শেষ পর্যায়ে মির্জা ফখরুল বিরোধীদের সমালোচনা করে বলেন, একটি দল বলছে, অমুককে ভোট দিলে জনগণ বেহেশতে যেতে পারবে। ভোট দিয়ে যদি বেহেশতে যাওয়া যেত, তাহলে তো সবাই অনায়াসেই বেহেশতে চলে যেত। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা মুনাফেকির শামিল।
সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে সকল ধর্মের মানুষ সমান নিরাপত্তা ও অধিকার নিয়ে বসবাস করবে।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিমসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সমর্থক।








