কক্সবাজারে রামু উপজেলায় বাকঁখালী নদীতে অজ্ঞাত নামা এক যুবকের গলাকাটা মরদেহ ভেসে এসেছে।
রোববার ৩০ জুন বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যম উমখালী এলাকায় বাঁকখালী নদীতে মৃতদেহটি ভেসে আসে বলে জানান রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান। নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছরের বেশি বলে তথ্য দিলেও তার নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা বলেন, বিকেলে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যম উমখালী এলাকায় বাঁকখাল নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তিনি বিষয়টি রামু থানা পুলিশ এবং রামু ফায়ার সার্ভিস স্টেশনে জানান।
আবু তাহের দেওয়ান বলেন, বিকেলে বাঁকখালী নদীর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যম উমখালী অংশে একটি মৃতদেহ ভেসে আসার খবর দেন জনপ্রতিনিধিসহ স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, মরদেহটি গলাকাটা অবস্থায় ছিল। ওই বকের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ওসি জানান, লাশটি কীভাবে ভেসে এলো এবং কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা জানতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান আবু তাহের দেওয়ান।








