সন্ত্রাস-সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শান্তি-সম্প্রীতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ এর সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে দেশের সাংস্কৃতিক সংগঠন ও ফেডারেশনগুলোর এই জোটের নেতারা বলেছেন, সাংস্কৃতিক চেতনাবিরোধী অপশক্তি দমনে সংস্কৃতিকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে সক্রিয় থাকতে হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দু্ছ বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে যে কারো মতামত নেওয়া যেতে পারে। তবে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায়ই সুষ্ঠু নির্বাচন সম্ভব।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো: আহ্কাম উল্লাহ্ বলেন, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাপরিপন্থী অপশক্তি দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও শান্তি-সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তাদের প্রতিরোধ করতে হবে।
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে সবাইকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।








