ঐতিহাসিক ৭ মার্চ বৃহস্পতিবার। এদিন ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন: অনুপ্রেরণার মহাকাব্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। বইটি লিখেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা শাখা আওয়ামী লীগ কার্যালয়ে ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন: অনুপ্রেরণার মহাকাব্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকাশক কবি তারিক সুজাতসহ মন্ত্রীপরিষদের সদস্যবর্গ এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বইটির মুখবন্ধ লিখেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে উৎসর্গিত গ্রন্থটিতে দশটি প্রবন্ধ, যা- ‘বাঙালির চিরঞ্জীব অনুপ্রেরণার মহাকাব্য’, ‘বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধুর অনন্য সংগ্রাম’, ‘মহান পিতার সুযোগ্য কন্যা’, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দিন ৭ মে ২০০৭’, ‘৩১ জানুয়ারি ১৯৯৬: ভুলে যাওয়া এক অভিশপ্ত দিন’, ‘ইনডেমনিটি অধ্যাদেশ নিয়ে বিএনপি’র রাজনীতি’, ‘পদ্মা সেতুবিরোধী ষড়যন্ত্র ও ইউনূস সেন্টারের বিবৃতি’, ‘১৫ ফেব্রুয়ারির বিএনপি’র নির্বাচন এবং ইতিহাসের কালো অধ্যায়’, ‘নির্বাচন কমিশন গঠন আইন: অন্যান্য দেশের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ’ শিরোনামে সংকলিত হয়েছে।
লেখাগুলোতে ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের আলোকে বিশ্লেষণের মাধ্যমে নির্মোহ সত্যাসত্য উপস্থাপিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বইটির প্রকাশনা সংস্থা জার্নিম্যান বুকস। এরমধ্যে গ্রন্থকারের জীবনাভিজ্ঞতার প্রেক্ষিতে দুটি রাজনৈতিক স্মৃতিগদ্যও রয়েছে। শেষ অধ্যায়ে বিপ্লব বড়ুয়া প্রদত্ত একটি ইংরেজিসহ মোট চারটি সাক্ষাৎকার গ্রন্থভুক্ত হয়েছে।
মুখবন্ধে বঙ্গবন্ধুকন্যা লিখেছেন,‘পৃথিবীর অনেক রাজনীতিবিদের রচনাই ইতিহাসের অসামান্য দলিল হিসেবে স্বীকৃত। জাতির পিতার বইগুলো তার সঙ্গে উল্লেখযোগ্য সংযোজন। বিভিন্ন সময়ে পত্রিকায় প্রকাশিত বিপ্লবের লেখাগুলো গ্রন্থ হিসেবে প্রকাশ পাচ্ছে, এটি আমার কাছে অত্যন্ত আনন্দের সংবাদ। লেখাগুলোতে বাংলাদেশের রাজনীতির কিছু চিত্র তুলে ধরেছে বিপ্লব যা পাঠকের কাছে রাজনৈতিক প্রবন্ধ-পাঠের নতুন অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে। বিপ্লবের মতো সকল রাজনৈতিক কর্মীরা সমাজ ও রাজনীতি নিয়ে নিয়মিত লিখবে, এ আমার প্রত্যাশা।’
বইটির মুখবন্ধ লেখা ও মোড়ক উন্মোচন করায় জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা’র প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন বিপ্লব বড়ুয়া। বইটির প্রকাশক ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
জার্নিম্যান বুকস থেকে প্রকাশিত বইটিতে শিল্পী হাশেম খানের শিল্পকর্ম অবলম্বনে প্রচ্ছদ ও গ্রন্থ-নকশা করেছেন তারিক সুজাত। বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।








