আফগানিস্তানে সাম্প্রতিক লাগাতার শৈত্যপ্রবাহে এপর্যন্ত ৭০ জন নিহত হয়েছে। প্রাণ হারিয়েছে ৭০ হাজারেরও বেশি গবাদি পশু।
গতকাল এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, দেশটিতে গত সপ্তাহ থেকে রাজধানী কাবুলসহ অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রার পারদ হিমাঙ্কের নিচে নেমে গেছে, দেশের কেন্দ্রীয় অঞ্চল ঘোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
আফগানিস্তান আবহাওয়া অফিসের প্রধান এএফপিকে বলেছেন, এ বছর শীতে সাম্প্রতিক বছরগুলোর তুলনায় সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়েছে, আমরা ধারণা করছি শৈত্যপ্রবাহ আরও এক সপ্তাহ বা তার কিছু বেশি সময় ধরে অব্যাহত থাকবে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে গতকাল সংবাদ সংস্থা আল জাজিরাকে জানানো হয়, হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় গত আট দিনে ৭০ জন মানুষ এবং ৭০,০০০ গবাদি পশু মারা গেছে।
স্থানীয় বিভিন্ন সংস্থার মতে, এবছর শীতে দেশের ৩৮ মিলিয়ন মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে, এবং প্রায় ৪ মিলিয়ন শিশু অপুষ্টিতে ভুগছে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মতে, গত ২৮ দিনে তারা দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহে ক্ষতিগ্রস্ত অন্তত ৫০০০ পরিবারকে খাদ্য ও ত্রাণ প্যাকেজ প্রদান করেছে।








