বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ ৭ বছরের শিশু মুসাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয় তাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তত্ত্বাবধানে মুসাকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানোর ব্যবস্থা করেছে চ্যানেল আই।
জানা গেছে, জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় বাসার কাছে দাদীর সাথে মাথায় গুলিবিদ্ধ হয় ৭ বছরের শিশু মুসা। গত ৯৪ দিন ধরে চলছে মুসাকে বাঁচানোর লড়াই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে সিএমএইচ-এর আইসিইউতে শিশুটি লাইফ সাপোর্টে ছিল।

পরে চিকিৎসকের পরামর্শে মুসাকে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করা হয়। চ্যানেল আই এর সহায়তায় সিঙ্গাপুর থেকে আনা হয় এয়ার অ্যাম্বুলেন্স। মঙ্গলবার দুপুরে সিএমএইচ-এর আইসিইউ থেকে মুসাকে আনা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিমানবন্দরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রওয়ানা হওয়া মুসাকে বিদায় জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভারসিটি হাসপাতালে মুসার চিকিৎসা করা হবে। মুসাকে নিয়ে ‘আশা না ছাড়ার’ লড়াইয়ে তার বাবা-মা, চিকিৎসক ছাড়াও এখন যুক্ত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং চ্যানেল আই। সবার আশা শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরবে শিশুটি।







