জীবাশ্ম জ্বালানির ঝুঁকির ভয়াবহতা সম্পর্কে সঠিক তথ্য না জানানোয় বিশ্বের বৃহত্তম প্রধান পাঁচটি জ্বালানি তেল কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এই কোম্পানিগুলোর বিরুদ্ধে জনসাধারণকে প্রতারিত করারও অভিযোগ আনা হয়েছে।
রোববার ১৭ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এসব অভিযোগে শুক্রবার বিশ্বের বৃহত্তম এই তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করা হয়।
ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এক্সনমোবিল, শেল, শেভরন, কনোকোফিলিপস ও ব্রিটিশ পেট্টোলিয়ামের মতো কোম্পানির বিরুদ্ধে সান ফ্রান্সিসকোতে উচ্চ আদালতে দেওয়ানী মামলা করা হয়।
রাজ্যের ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউজম এক বিবৃতিতে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫০ বছরেরও বেশি সময় ধরে বড় বড় এই তেলের কোম্পানিগুলো আমাদের কাছে মিথ্যা বলে আসছে। তারা জানতো, এই কোম্পানিগুলো যে জীবাশ্ম জ্বালানি তৈরি করে তা আমাদের গ্রহের জন্য কতটা বিপজ্জনক। অথচ তারা তা উপস্থাপন করেনি। ‘ক্যালিফোর্নিয়ায় বড় দূষণকারী হিসেবে এদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
১৩৫ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, কোম্পানিগুলো কমপক্ষে ১৯৬০ সাল থেকে জানত জীবাশ্ম জ্বালানির ব্যবহার পৃথিবীর তাপমাত্রা বাড়াবে। কিন্তু তারা জনসাধারণের জন্য বিবৃতি ও বিপণনে এই হুমকিকে কম করে দেখিয়েছে। কোম্পানির বিজ্ঞানীরা ১৯৫০ এর দশকেই এসব তথ্য জানার পরও তা গোপন করে রাখেন।
তবে কোম্পানিগুলো বলছে, জীবাশ্ম জ্বালানির ঝুঁকি নিয়ে আলোচনার জন্য আদালত উপযুক্ত স্থান নয়। মামলায় অন্তর্ভুক্ত গ্রুপ আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা হচ্ছে, আদালত নয়, জলবায়ু নীতি নিয়ে কংগ্রেসে আলোচনা করা উচিত। বৃহৎ সংস্থা শেলের মুখপাত্রও বলছেন, বৈশ্বিক উষ্ণতা নিয়ে আলোচনার সঠিক স্থান আদালত নয়।








