লেবাননে ইসরায়েলের চলমান স্থল অভিযানে গত ৬ দিনে হিজবুল্লাহর ৪৪০ জন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। এই সেনাদের মধ্যে ৩০ জন গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার ছিলেন।
বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা হিজবুল্লাহকে লেবাননের উত্তর দিকে ঠেলছি। তাদের একটি অংশ এলাকা থেকে পালিয়েছে, বাকিরা আমাদের সেনাসদস্যদের কাছে পরাজিত ও নিহত হয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ইতিহাসের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একটি হিসেবে বর্ণনা করেছেন।
ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর অস্ত্রাগারের একটি বড় অংশ ধ্বংস করতে এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। প্রায় ১০ দিনের সেই অভিযানে নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েক জন শীর্ষ কমান্ডার। এতে গোষ্ঠীটির চেইন অব কমান্ডের সর্বোচ্চ স্তর প্রায় ভেঙে পড়েছে।
বিমান অভিযান পর্বের পর গত ৩০ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে আইডিএফের স্থল বাহিনী। এর আগে এক বিজ্ঞপ্তিতে আইডিএফ বলেছিল, ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে সীমিত ও স্থানীয় পর্যায়ে অভিযান চালানো হবে। তবে কতদিন এ অভিযান চলবে, সে সম্পর্কিত কোনো তথ্য বা ইঙ্গিত এখনও দেয়নি আইডিএফ।








