বিদ্যুৎ, খনিজসম্পদ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, আগামী সপ্তাহে ৪০টি প্রকল্পের অনুমোদন দেয়া হবে যা থেকে ১ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ পাওয়া যাবে।
আজ (১১ নভেম্বর) সোমবার “রুফটপ সোলার সিস্টেম: সম্ভাবনা এবং সুবিধা” বিষয়ক ইনফ্রাস্ট্রাক্চার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা একথা বলেন।
তবে অন্তর্বর্তী সরকার উন্নয়নের নামে টাকা অপচয় করবে না বলেও জানান তিনি।
এসময় শিল্পখাতে রুফটপ সোলার প্রযুক্তি ব্যবহার করে সক্ষমতা বৃদ্ধিসহ একটি টেকসই অবকাঠামোনির্ভর বাংলাদেশ নির্মাণে বেশকিছু পদক্ষেপ নেয়ার কথা জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, খনিজসম্পদ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের ওপর কর মওকুফ না করলে কারখানা মালিকরা আগ্রহী হবে না বলে জানান নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। তবে শিল্প কারখানাকে সোলার পাওয়ারের আওতায় আনতে ভ্যাট ট্যাক্স কমানোর আহ্বান জানান তিনি।
২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে রুফটপ সোলার উৎস থেকে চার হাজারের বেশি বিদ্যুৎ উৎপাদনের স ম্ভাবনা রয়েছে বলে তুলে ধরা হয় কর্মশালায়।








