রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার ৪০ ঘণ্টা পর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘শিক্ষার্থীদের দুই পক্ষের অপ্রীতিকর ঘটনা’ উল্লেখ করে এ ধরনের পরিস্থিতি এড়াতে বিবদমান শিক্ষার্থীদের সংযত থাকতে ও আলাপ-আলোচনার আহ্বান জানিয়েছে প্রশাসন।
সোমবার (১৩ মে) জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের সাথে আলোচনায় বসে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে বিবদমান শিক্ষার্থীদের সংযত থাকতে ও আলাপ-আলোচনার মাধ্যমে পরস্পরের মধ্যে সদ্ভাব প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি এবং যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের সহযোগিতা প্রত্যাশা করলে উপস্থিত হল কর্তৃপক্ষ সে বিষয়ে একমত পোষণ করেন।
আলোচনায় উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর ও প্রক্টরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার (১১ মে) রাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। রাত সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।








