পাকিস্তানের বেলুচিস্তানে একটি বাজারে বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন।
আজ রবিবার সকালে পাকিস্তানের বেলুচিস্তানের বারখানের রাখানি বাজার এলাকায় একটি বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত ও ১৪ জন আহত হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন আজ তাদের খবরে একথা নিশ্চিত করেছে।
বারখান জেলা প্রশাসক আবদুল্লাহ খোসো বলেন, একটি মোটরসাইকেলে লাগানো একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছে এবং অনুসন্ধানী দলগুলো ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা শুরু করেছে।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, স্বেচ্ছাসেবকরা রক্তাক্ত ভুক্তভোগীদের নিয়ে ছুটে যাচ্ছেন এসময় রাস্তার ধারে ছিন্নভিন্ন মোটরসাইকেল ও পোড়া শাক-সবজি পড়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেপি এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় হামলার সময় এই বিস্ফোরণ ঘটে। গত বছরের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সাথে আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে জঙ্গি গোষ্ঠীটি তাদের হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সেই সাথে বেলুচিস্তানে বিদ্রোহীরাও তাদের সহিংস কার্যক্রম বাড়িয়েছে।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি এবং কাউকে দায়ী করা হয়নি।








