রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
পুলিশ বলছে গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
বুধবার (৭ মে) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি জানায়, গতকাল মঙ্গলবার (৬ মে) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরা হ্যাপিকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-লালবাগ বিভাগের একটি দল কোতয়ালী এলাকা থেকে আজিম মো. মাহবুব আলমকে গ্রেপ্তার করে।
কোতোয়ালী থানাধীন ইসলামপুর এলাকা থেকে মো. সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। একই দিনে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় অভিযান চালিয়ে তানজিম রহমান আকাশ দেওয়ানকে গ্রেপ্তার করে।
ডিবি বলছে, গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা এবং রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।








