ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের রাজনগরের মালিপাড়ায় লক্ষ্মীপূজা উপলক্ষে প্রসাদে খিচুড়ি রান্না করা হয়। সেই খিচুড়ি খেয়ে তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ বছর বয়সি এক কন্যা শিশুও ছিল। অসুস্থ হয়েছেন ১৫ থেকে ২০ জন।
গত মঙ্গলবার (৩১ অক্টোবর) লক্ষ্মীপূজা উপলক্ষে এলাকার মন্দিরে খিচুড়ি রান্না করা হয়েছিল। রাজনগরের ত্রাণসমিতি ক্লাবে এই আয়োজন করা হয়েছিল। দুপুর আড়াইটার সময় মন্দির পরিষ্কার করার সময় অবশিষ্ট থাকা খিচুড়ি খেয়েছিলেন এলাকার কয়েকজন। এর কিছুক্ষণ পরই তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
মঙ্গলবার রাতেই মৃত্যু হয় ৪ বছর বয়সি শিশু পার্বতীর। পরে বুধবার সকালে মারা যায় তার দাদু সাধুচরণ। এই ঘটনায় সুশান্ত মালাকার নামের একজনেরও মৃত্যু হয়।
এই ঘটনায় অসুস্থ ব্যক্তিরা ভরতি আছেন সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অসুস্থদের ওপর নজর রাখার জন্য দুই জন সহকারী সুপারকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার নীলাঞ্জন মণ্ডল।
মালিপাড়ায় গত এক দশক ধরে প্রত্যেক বছরই লক্ষ্মীপুজো হয় ত্রাণসমিতি ক্লাবের আয়োজনে। পুজো উপলক্ষে গ্রামবাসীদের খাওয়াদাওয়ার আয়োজনও করা হয় ক্লাব থেকে। লক্ষ্মীপুজো উপলক্ষে গ্রামে খিচুড়ি প্রসাদ দেয়ার পরও বেশ অনেকটা খিচুড়ি থেকে গিয়েছিল। বাড়তি খিচুড়ি রেখে দেওয়া হয়েছিল। পরের দিন সেই বাসি খিচুড়ি খাওয়ার পর থেকেই গ্রামের বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে।
এই বিষয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল বলেন, খাদ্যে বিষক্রিয়া হয়েছে রোগীদের। এই পরিস্থিতিতে রাজনগরে চিকিৎসকের দল পাঠানো হতে পারে বলে জানিয়েছিলেন সুপার।








