জনপদ

নরসিংদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু

নরসিংদীতে তিন বন্ধু হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে তিন বন্ধু হাসিমুখে ছবি তুলছেন, বাইক ও প্রকৃতি পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নরসিংদীর শিবপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলে থাকা তিন বন্ধু। সোমবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্ধারদিয়া পেট্রোল পাম্প এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিহতরা হলেন—শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), বদরুদ্দিনের ছেলে আশিক (২২) এবং বাবুল মিয়ার ছেলে অপু (২০)। তিনজনই দীর্ঘদিনের বন্ধু ছিলেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার রাতে এক মোটরসাইকেলে করে তিন বন্ধু খেলার সামগ্রী কিনতে নরসিংদী শহরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বান্ধারদিয়া পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

শিবপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক ইসমাইল বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেয়ার পর ২ জনকে মৃত ঘোষণা করা হয়, আরেকজনকে ঢাকা পাঠানো হয়েছিল, কিন্তু সেও বাঁচেনি।”

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিন বন্ধুর একসাথে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয়রা।

বিষয়:নরসিংদী নিহত ৩ মোটরবাইক মোটরসাইকেল সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…