জনপদ

মেঘনায় ২৮ কেজির পাঙ্গাশ: নিলামে ৩৪ হাজার টাকায় বিক্রি

মেঘনায় ২৮ কেজির পাঙ্গাশ: নিলামে ৩৪ হাজার টাকায় বিক্রি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‎লক্ষ্মীপুর জেলার কমলনগরে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বিশাল আকৃতির পাঙ্গাশ মাছ। পরে মাছটি উন্মুক্ত নিলামে ৩৪ হাজার ৫০ টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের পাঙ্গাশটি দেখতে মাছঘাটে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের মাতাব্বরহাট মাছঘাটের খলিল মিয়ার মৎস্য আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. কাউসার ৩৪ হাজার ৫০ টাকায় পাঙ্গাশটি কিনে নেন। মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে ঘাটে উৎসুক মানুষের ভিড় জমে।
‎
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলে ওমর ফারুক মাঝির জালে মেঘনা নদীতে অন্যান্য মাছের সঙ্গে বিশাল আকৃতির পাঙ্গাশটি ধরা পড়ে। পরে মাছটি মাতাব্বরহাট মাছঘাটে এনে নিলামে তোলা হয়।

‎মাছটির ক্রেতা মো. কাউসার বলেন, বর্তমানে বাজারে নদীর পাঙ্গাশের চাহিদা রয়েছে। মাছটি বড় হওয়ায় ভালো দামে বিক্রি হওয়ার প্রত্যাশায় এটি কিনেছি। চাঁদপুরে মাছটি বিক্রির জন্য পাঠানো হবে। তিনি জানান, প্রতি কেজি ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। এতে প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা লাভ হতে পারে।
‎
স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলছেন, মেঘনা নদীতে মাঝেমধ্যে বড় আকারের পাঙ্গাশ ধরা পড়লেও ২৮ কেজি ওজনের এমন মাছ দেখতে মাছঘাটে মানুষের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

বিষয়:২৮ কেজির পাঙ্গাশখলিল মিয়ার মৎস্য আড়তনিলামে মাছমাতাব্বরহাট মাছঘাটমেঘনা নদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…