মালয়েশিয়ার চেরাসের একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে ৪২৫ জন নথিবিহীন অভিবাসীকে আটক করা হয়েছে যার মধ্যে রয়েছে ২৫২ জন বাংলাদেশি নাগরিক।
মালয় মেইল জানিয়েছে, কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক স্যামসুল বদরিন মহসিন বলেছেন, চেরিয়ার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহ ধরে তদন্ত ও নজরদারি চালানোর পর এই অভিযান শুরু করা হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, এই এলাকায় বিদেশিদের সংখ্যা খুব বেশি এবং বিভিন্ন সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে।
৬০ জন অভিবাসন কর্মকর্তা রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে। এ সময় বৈধ কাগজপত্র না থাকা ও অস্থায়ী ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করার অভিযোগে মোট ৪২৫ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ২৫২ বাংলাদেশি, মিয়ানমারের ১০৮, ফিলিপাইনের ২, ইন্দোনেশিয়ার ৩০, কম্বোডিয়ার ৬, নেপালের ২০ এবং পাকিস্তানের ৭ জন নাগরিক রয়েছেন। এদের সবার বয়স ৮ থেকে ৫৪ বছরের মধ্যে। আটককৃতদের মধ্যে ৩৭২ জন পুরুষ এবং ৫৩ জন নারী রয়েছেন বলে জানান ইমিগ্রেশন বিভাগের পরিচালক।








