জাহাজ ছেড়ে তীরে এসেছেন ২৩ নাবিক

নাবিকরা জাহাজ থেকে তীরে এসে স্বস্তি প্রকাশ করছেন, বাংলাদেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাহাজ ছেড়ে তীরে পৌঁছেছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। সোমালিয়ার জলদস্যু থেকে মুক্ত হয়ে দীর্ঘ প্রক্রিয়া শেষে অবশেষে এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক নিয়ে লাইটারেজ জাহাজ এমভি জাহান মনি-৩ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুরের পর এমভি জাহান মণি-৩ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে।
এর আগে দুপুর ১২টার দিকে এমভি জাহান মণি-৩ লাইটার জাহাজ কুতুবদিয়া উপকূল থেকে নাবিকদের নিয়ে চট্টগ্রামের পথে রওনা হয়। আর দুপুরের পর নাবিকদের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-১ (এনসিটি) নম্বর জেটিতে প্রবেশ করে। এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নাবিকদের নিয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করছে।
গেল মার্চে উদ্বেগ ছড়িয়ে গণমাধ্যমের খবর হয়েছিল এমভি আব্দুল্লাহ জাহাজের কথা। মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে জাহাজটি ছিনতাই করে সোমালীয় জলদস্যুরা। জিম্মি করা হয় ২৩ নাবিককে।
জাহাজ মালিকদের সমঝোতার পর গত ১৩ এপ্রিল জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। এরপর থেকেই শুরু হয় নাবিকদের দেশে ফেরার অপেক্ষা। দুবাই হয়ে গত ৩০ এপ্রিল বাংলাদেশের পথে রওনা দেয় জাহাজটি।






