পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ খনি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার (১১ অক্টোবর) ভোরে ডুকি জেলার জুনাইদ কয়লা খনির শ্রমিকদের থাকার জায়গায় এ হামলা চালায় বন্দুকধারীরা।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ডুকির এক হাসপাতালে এই ঘটনায় আহত ৬ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ভারী অস্ত্র, রকেট এবং গ্রেনেড ব্যবহার করে হামলা চালিয়েছে। সেসময় তারা খনির যন্ত্রপাতিতেও আগুন ধরিয়ে দেয়।
নিহতদের মধ্যে ৪ জন আফগান নাগরিক অন্যরা বেলুচিস্তানের পশতুভাষী এলাকার শ্রমিক। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।
এরআগে গত সোমবার করাচি বিমানবন্দরের কাছে বিএলএ-র এক আত্মঘাতী হামলায় দুই চীনা নাগরিক নিহত এবং অন্তত ১০ জন আহত হন।








