চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৮ দিনে যাত্রী পরিবহন করে মেট্রোরেল আয় করেছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা। এসময়ে যাত্রী পরিবহন করেছে ৪৯ লাখ ৯ হাজারের বেশি। যেখানে যাত্রা শুরুর পর প্রথম ৬ মাসে মেট্রোরেলের আয় ছিলো ১৮ কোটি টাকা।
এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএসটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
তিনি জানান: গত ১৮ দিনে যাত্রী পরিবহন হয়েছে ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন। আর যাত্রীদের টিকিট বাবদ আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা। এর মধ্যে দুই শুক্রবার বন্ধ ছিল। বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রোরেল বন্ধ ছিল। এতে এক কোটি টাকা লোকসান হয়েছে। আর বুধবার আয় হয়েছে মাত্র ৫৪ লাখ ৯১ হাজার ১৪০ টাকা।
সে হিসেবে দৈনিক আয় হয়েছে গড়ে ১ কোটি ৮ লাখ ৭৯ হাজার ১৩৪ টাকা। এর মধ্যে গত ১২ সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছেন। এ দিন তিন লাখ ৪৩ হাজার ৮৯২ জন যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন। সেদিন সর্বোচ্চ আয় হয়েছে এক কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৫৬৬ টাকা।
গড়ে প্রতিদিন তিন লাখ মানুষ মেট্রোরেল ভ্রমণ করেন বলে জানান মোহাম্মদ আবদুর রউফ।
বর্তমানে মেট্রোরেল সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিয়মিত চলাচল করছে। এর মধ্যে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিট এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায় এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে।
এ ছাড়া সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে দুপুর সাড়ে ৩টায় এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে দুপুর ৩টা ৫০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে।
এমআরটি পাস ও র্যাপিড পাস ব্যবহারকারী ছাড়া সাধারণ সিঙ্গেল জার্নির যাত্রীরা সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত টিকিট ক্রয় করে মেট্রোরেলে ভ্রমণ করতে পারেন। এসময়ের আগে ও পরে সব স্টেশনের টিকিট বিক্রির অফিস ও টিকিট বিক্রির মেশিন বন্ধ থাকে।
অন্যদিকে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। তার আমলে ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল চালুর পর থেকে গত বছরের জুন পর্যন্ত ৬ মাসে ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা আয় হয়েছে। সেসময় অবশ্য মেট্রোরেল শুরুমাত্র উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাতায়াত করতো। ২০২৩ সালে ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও মতিঝিল অংশ থেকে মতিঝিল অংশ চালু হয়। পূর্ণ রুটে যাত্র শুরু করে মেট্রোরেল।
গত ৪ মার্চ জাতীয় সংসদের অধিবেশনে বিগত আওয়ামী লীগের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। ওবায়দুল কাদের তখন বলেন: অডিট ফার্মের নিরীক্ষা করা ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী জুন মাস পর্যন্ত মোট আয় ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা।
২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর হতে আগারগাঁও পর্যন্ত অংশ এবং গত বছরের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ তৎকালীন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। এখন শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত উত্তরা উত্তর হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল বাণিজ্যিকভাবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত চলাচল করছে।








